অর্থ সংকটে সাব্বিরের ফ্রি সবজি বাজার

করোনা সংক্রমণ রোধে সারাদেশে চলছিলো লকডাউন। জীবন বাঁচাতে সবাই যখন ঘরবন্দী তখন ব্যতিক্রম ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাব্বির আহমেদ।

মানুষের কষ্ট দেখে হাত গুটিয়ে বসে থাকতে পারেননি। ঘরকন্নার মায়া ত্যাগ করে করনোয় কর্মহীন ও গৃহবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

২৩ মার্চ থেকে শুরু করে ৩ জুন পর্যন্ত ৫৪ দিন চাল, ডাল, তেল, মাছসহ নানা পদের শাক সবজি বিতরণ করে চলছেন দূর্গতদের মাঝে। কখনো স্থাপন করেছেন ফ্রি সবজি বাজার আবার কখনোবা বাড়ি বাড়ি পৌছে দিয়েছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আর পুরো রমজানের ৩০ দিন জুড়ে রোজাদারদের মাঝে ফ্রি ইফতারী বিতরণ কার্যক্রম তো ছিলোই। সেই সাথে ইদে প্রায় ৫০০ পরিবারের মাঝে ইদ উপহার সামগ্রীও বিতরণ করছেন তিনি।

সাব্বিরের কাছে শুরুর দিকের ঘটনাগুলো তার মনে থাকবে আজীবন। প্রথম দিকে আব্বু-আম্মুর সাথে কাজ নিয়ে ঝগড়া করেছি, কারণ কোন পিতামাতাই চাননা তার সন্তান নিশ্চিত মৃত্যু জেনেও কাজ করুক কথা গুলো বলছিলেন সাব্বির নিজেই।

মানুষের সহযোগিতা কেমন পেয়েছেন? প্রশ্ন করা হলে সাব্বির বলেন, টিউশনির টাকা দিয়ে শুরুটা করেছিলাম ঠিকই তবে সকলের সহযোগিতার কারনেই পরবর্তীতে ৫৪ দিন পর্যন্ত কার্যক্রম পরিচালনা করতে পারছি। প্রথম কয়েকদিন নিজে কাজ করার পরে দেশের সচেতন নাগরিকবৃন্দ সাহায্যের হাত বাড়িয়ে দেন। এগিয়ে আসে মেসডা নামক সংগঠন। সবথেকে বড় সাপোর্ট পাই আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আত্মীয়-স্বজনদের কাছে থেকে। আর বন্ধু-বান্ধব, জুনিয়ররা তো আছেই। কিন্তু কাজ একা একাই করা লাগতো। এরপরে বাড়ির আশেপাশের কয়েকজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করে এবং এখনো কাজ করে যাচ্ছে ওরা।

সাব্বির বলেন, বিগত ৫০ দিনে আমি অনেককিছু শিখেছি। একটা সময় বাজার করতে পারতাম না ঠিকমতো, এখন শিখে গেছি কিভাবে আড়ত থেকে কমদামে দ্রব্য ক্রয় করতে হয়। মাছের বাজারে কিংবা ফ্যাক্টরি থেকে কিভাবে ডিল করতে হয় তাও শিখেছি। তবে সবথেকে যেটা বেশি পেয়েছি সেটা মানুষের ভালোবাসা।

প্রশ্ন করা হয়েছিল, কেমন চলছে লকডাউন পরবর্তী ত্রাণ বিতরণ কার্যক্রম? উত্তরে সাব্বির বলেন, বর্তমানে একটু আর্থিক সংকটে ভুগছি। এ কারণে কার্যক্রম একটু সীমিত পরিসরে করা হচ্ছে। আর এখন সংক্রমণ বেশি হওয়াতে আমরা বাজার সিস্টেমে ফ্রি বাজার ব্যবস্থা চালু করেছি। এখন বিভিন্ন পাড়াতে আমরা ফ্রি বাজার স্থাপন করে সামাজিক দূরত্ব মেনে খাদ্য সামগ্রী বিতরণ করছি।

সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সাব্বির বলেন, আপনারা এগিয়ে আসলেই আমি আমার এ মানবসেবা দীর্ঘদিন ধরে পরিচালনা করতে পারবো।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর