ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

ময়মনসিংহের ভালুকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু ও দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন- আক্কাস আলী (৫০), কুলেছা বেগম (৪২) ও কামরুল ইসলাম (৩৫)।

বুধবার (৩ জুন) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার ও সকালে সিডষ্টোর বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান জানান, ভোরে শেরপুরের নালিতাবাড়ি থেকে ছেড়ে আসা একটি পিকআপ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় অপর একটি গাড়িকে পিছনের দিকে ধাক্কা দিলে পিকআপে থাকা পোষাক শ্রমিক দুই দম্পতি মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় অপর একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই কুলেছা বেগম (৪২) নামে এক মহিলা নিহত হন।

ছবি- বার্তা বাজার।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে ভালুকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নিহত কুলেছা বেগমের স্বামী আক্কাস আলীকে (৫০) মৃত ঘোষণা করেন। এসময় আহত অপর দম্পতি জসিম উদ্দিন (২৫) ও বৃষ্টিকে (১৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, সকালে মহসড়কে উপজেলার সিডষ্টোর বাজার এলাকায় ঢাকাগামী লোপেট গাড়ির সাথে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী কামরুল ইসলামের মৃত্যু হয়।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর