উহানে ১৯ দিনে ৯৯ লাখ মানুষের করোনা পরীক্ষা, শনাক্ত হয়নি কেউ

চীনের উহান ছিলো করোনাভাইরাসের উৎপত্তিস্থল। গত ১৯ দিনে এ শহরটিতে ৯৯ লাখ মুনষের নমুনা পরীক্ষা করা হয়।যার মধ্যে কারো করোনা শনাক্ত হয়নি বলে দাবি করেছে উহান স্বাস্থ্য কমিশন।

আজ মঙ্গলবার চাইনিজ প্রিভেনটিভ মেডিসিন অ্যাসোসিয়েশনের কর্মকর্তা লু জ্যাকসন বলেন, ‘গত ১৪ মে থেকে ১ জুন পর্যন্ত উহানে ৯৮ লাখ ৯৯ হাজার ৮২৮ জনের নিউক্লিক অ্যাসিড পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষায় কোনো নতুন করোনা রোগী শনাক্ত হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, তবে উপসর্গহীন ৩০০ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে। চীনের সরকারি হিসেবে উপসর্গহীন করোনা রোগীদের গণনায় ধরা হয় না।

লু জ্যাকসন জানান, বর্তমানে উহানে জনসংখ্যার অনুপাতে উপসর্গহীন আক্রান্তের হার অত্যন্ত কম। উপসর্গহীন আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিরাও তেমনটা সংক্রমিত হননি।

উহানের মোট জনসংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ। এর মধ্যে ৯৯ লাখ জনগণের স্বাস্থ্য পরীক্ষাই করা হয়েছে গত ১৯ দিনে। উহানের ডেপুটি মেয়র হু ইয়াবো বলেন, ‘শহরের সব বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আওতায় আনতে ১২ কোটি ৬০ লাখ ডলার খরচ হয়েছে।’

গত বছরের ডিসেম্বরে হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এরপর গত ২৩ জানুয়ারি শহরটি পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর গত ৮ এপ্রিল সেই লকডাউন তুলে নেওয়া হয়।

চীনা জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, গতকাল সোমবার দেশটিতে নতুন পাঁচ জনের করোনভাইরাস শনাক্ত হয়েছে।

পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত চীনে করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ২২ জন। এর মধ্যে মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৩১৫ জন। এছাড়াও ৩৭১ জন উপসর্গহীন রোগী চিকিৎসা পর্যবেক্ষণে রয়েছেন।

বার্তাবাজার/কে.এ.স

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর