বাংলাদেশে বন্যহাতি প্রবেশে বিএসএফের সহযোগীতা, নষ্ট করছে ফসল

ভারতের আসাম রাজ্যের কালাইচর জেলার পাহাড় থেকে হাতি নেমে আসলেই সীমান্তের কাঁটাতারের গেইট খুলে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দেশের অভ্যন্তরে প্রবেশ করে এইসব হাতি কুড়িগ্রামের রৌমারি উপজেলার সীমান্তবর্তী ৫টি ইউনিয়নের মানুষের জীবনকে করে তুলেছে দুর্বিষহ। নষ্ট করছে প্রচুর ফসল।

দিনে-রাতে ঘন্টার পর ঘন্টা চষে বেড়িয়ে কৃষকের পাকা ধানক্ষেত ধ্বংস করেই চলেছে এইসব হাতির পাল। প্রায় এক সপ্তাহ ধরে ভারতের বিএসএফের প্রত্যক্ষ সহযোগীতায় দেশে এই তান্ডব চালাচ্ছে বন্য হাতিগুলো।

মঙ্গলবার (০২ জুন) দিনের আলোতেও ২৬টি হাতি রৌমারি সদর ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামে তান্ডব চালিয়েছে বলে জানায় গ্রামটির বাসিন্দা ও সাবেক সাংসদ মো. রুহুল আমিন।

তিনি জানান, রৌমারী সদর ইউনিয়নের ফুলবাড়ী ও চুলিয়ারচর এবং যাদুরচর ইউনিয়নের পাহাড়তলী ব্লকের দক্ষিণ আলগারচর, খেওয়ারচর, বকবান্ধা, ঝাউবাড়ী ও বড়াইবাড়ী-এই পাঁচ গ্রামের হেক্টরের পর হেক্টর পাকা ধান ক্ষেত তছনছ করছে বন্য হাতির দল।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, সীমান্তের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে হাতির দল বিচরণ করছে। সন্ধ্যায় এক দল ঢুকছে। সকালে চলে যাচ্ছে। আবার সকালে আসছে আরেক দল। বিএসএফ কাঁটাতারের বেড়ার গেট খুলে দেয়ায় হাতির দলগুলো একের পর এক বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ফসল নষ্ট করছে।


বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর