অতিরিক্ত ভাড়া নিয়ে জরিমানা গুনলো শ্যামলী পরিবহন

সরকারের নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি ভাড়া আদায় করে শ্যামলী পরিবহনের একটি বাসের সুপারভাইজারকে গুনতে হয়েছে ১০ হাজার টাকা জরিমানা। আজ (মঙ্গলবার) দুপুরের দিকে বগুড়া সদর উপজেলার প্রথম বাইপাস মহাসড়কের সিলিমপুর এলাকায় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম রাশেদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা আদায় করা হয়।

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ৬৭ দিন বন্ধের পর গত ১জুন থেকে সকল গণপরিবহন সীমিত আকারে খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। যাত্রী কম নেয়ার শর্ত মেনে যাতে পরিবহন মালিকরা লোকসানের সম্মুখীন না হয় তার জন্য বিআরটিএ’র পক্ষ থেকে ভাড়া বাড়িয়ে দেয়া হয়েছে ৬০ শতাংশ।

সরকারের সেই আদেশ বগুড়ার দুরপাল্লার বাসগুলো মানছে কিনা তা যাচাই করতে শহরের প্রথম বাইপাস সড়কের সিলিমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসকে দুপুর ১২টার দিকে থামানো হয় যাচাইয়ের জন্য। কিন্তু যাত্রীর টিকিট চেক করে দেখা যায় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে শতভাগ বেশি টাকা আদায় করা হচ্ছে।

নওগাঁ থেকে ঢাকার ভাড়া আগে ছিল ৪০০ টাকা ৬০ শতাংশ ভাড়া বেশি ধরে এখন ৬৪০ টাকা নেওয়ার কথা। কিন্তু একজন যাত্রীর টিকিটে দেখা গেছে তার কাছ থেকে ৮০০ টাকা ভাড়া নেওয়া হয়েছে।

এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জি. এম রাশেদুল ইসলাম বলেন, সরকারের বেঁধে দেওয়া ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগটি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী শ্যামলী পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর