সাতক্ষীরার শ্যামনগরে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত এক আসামীকে ধরতে গিয়ে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে উক্ত ৫ পুলিশ সদস্য উপজেলার মানিকখালী গ্রামের আবুল হোসেনের ছেলে ও একাধিক মামলার আসামী হুমায়ুন কবিরের বাড়ীতে গিয়ে তাকে ধরতে গেলে তিনিসহ তার বাহিনীর হাতে তারা আহত হন।
আহত পুলিশ সদস্যদের মধ্যে ৪ জন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ছেন। তবে, উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাকের অবস্থা গুরুতর হওয়ায় তিনি এখনও সেখানে ভর্তি রয়েছেন।
আহত ৫ পুলিশ সদস্যরা হলেন, উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক, উপ-পরিদর্শক আইনুদ্দীন, উপ-পরিদর্শক নূর কামাল, সহকারী উপ-পরিদর্শক বেল্লাল ও কনস্টেবল রিপন।
হাসপাতাল চিাকৎসাধীন পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী হুমায়ন কবিরের বিরুদ্ধে শ্যামনগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন মামলা রয়েছে। মামলা নং-৩২। ওই মামলার তিনি মঙ্গলবার দুপুর ৬ জন পুলিশ সদস্যকে নিয়ে আসামী হুমায়ুন কবিরের বাড়ীতে গিয়ে তাকে ধরতে গেলে তার বাহিনীর ৩০/৪০ জন সদস্য পুলিশের উপর হামলা চালায়।
এতে তার একটি হাতে ভেঙ্গে যায় বলে তিনি জানান। এ সময় পুলিশের আরো ৪ সদস্য আহত হন। তবে, তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতালে ছেড়েছেন বলে তিনি আরো জানান। তবে, পুলিশ সদস্যরা আহত হলেও আসামী হুমায়ন কবিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি অস্বীকার করছ জানান, সেখানে কোন পুলিশের উপর হামলার ঘটনা ঘটেনি। তবে, দুপুরের দিকে এস.আই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি টিম আসামী হুমায়ুন কবিরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন। এরপর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান, আসামী হুমায়ুন কবিরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বার্তাবাজার/কে.এ.স