অনিয়মের দায়ে বরখাস্ত হলেন আরও ১১ চেয়ারম্যান-মেম্বার

চলমান করোনা পরিস্থিতিতে ত্রাণ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে আরও ১১ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। মঙ্গলবার (২ জুন) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ দেয়া হয়। একদিনে নতুন বরখাস্ত হওয়াদের মাঝে আছেন ৪ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ৬ ইউনিয়ন পরিষদ মেম্বার ও ১ জন পৌর কাউন্সিলর।

নতুন বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন- বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহনেওয়াজ ও নলটোনা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর। এছাড়া কিশোরগঞ্জের হাওরা অধ্যুষিত উপজেলা নিকলীর সিংপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক ও বাজিতপুর উপজেলার হালিমপুর ইউপি চেয়ারম্যান হাজী কাজল ভুইয়া।

বরখাস্তের কারণ হিসাবে প্রজ্ঞাপনে জানানো হয়, বরগুনার এম বালিয়াতলীর চেয়ারম্যান নিয়ম ভেঙে মৎস্যজীবীদের জন্য বরাদ্দ করা ৮০ কেজি চালের জায়গায় ৬০ কেজি করে বিতরণ করেছেন। একইসাথে তার বিরুদ্ধে তালিকায় নেই এমন মানুষদেরকেও চাল দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।

একই উপজেলার আরেক ইউনিয়ন নলটোনা ইউপি চেয়ারম্যান জেলেদের ত্রাণ বিতরণের তালিকা তৈরীতে অনিয়ম, ভুয়া টিপসই ব্যবহার করে চাল উত্তোলন করেছেন এবং বিতরণকৃত চাল ওজনে কম দিয়েছেন বলে অভিযোগ প্রমাণিত হয়েছে।

এছাড়া কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়ন চেয়ারম্যান চলমান করোনা পরিস্থিতিতে সরকারের ত্রাণ কাজে সহায়তা না করে সরকারি নির্দেশ অমান্য করেছেন। তিনি কর্মস্থলে উপস্থিত না থাকাও প্রমাণিত হয়েছে।

একই জেলার প্বার্শবর্তী বাজিতপুর উপজেলার হালিমপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, করোনা পরিস্থিতিতে সরকারের কাজে এগিয়ে না আসা, ভিজিডি খাদ্যশস্য বিতরণে অনীহা ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে ব্যর্থ হওয়া প্রমাণিত হয়েছে।

অন্যদিকে সাময়িকভাবে বরখাস্ত হওয়া ইউপি সদস্যরা হলেন বরগুনা জেলার সদর উপজেলাধীন নলটোনা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হারুন মিয়া, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হানিফ, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য মোসা. রানী এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য মোসা. ছাবিনা ইয়াসমিন।

ব্রাহ্মণবাড়িয়ার উপজেলার মজলিশপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য হারিছ মিয়া এবং ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাছান মিয়া।

বরখাস্ত হওয়া একমাত্র পৌরসভার কাউন্সিলর হলেন চট্টগ্রাম জেলার বোয়ালখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোলাইমান বাবুল।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর