এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফরিদপুরের ভাঙ্গায় আরও এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
সোমবার রাতে উপজেলার চুমুরদী ইউনিয়নের পশ্চিম সদরদী গ্রামের ইউসুফ মাতুব্বরের মেয়ে মিতু আক্তার (১৭) বাড়ীর শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। মিতু স্থানীয় রায়পাড়া সদরদী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলো বলে জানায় তার পিতা ইউসুফ মাতুব্বর।
তিনি আরো কলেন, গত বছর গণিত বিষয়ে ফেল করে সে পূনরায় ঐ বিষয়ে এবার পরীক্ষা দেয়, কিন্তু প্রকাশিত ফলাফলে এবারও ফেল আসে I
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে । পরে ময়না তদন্ত না করার আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার এসএসসি পরীক্ষায় ফেল করায় একই উপজেলার পৌরসদরের কাপুড়িয়া সদরদী গ্রামে সামান্তা খানম নামে আরও এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বার্তা বাজার/সি.কে