চট্টগ্রামে সদরঘাট থানার পুলিশ সদস্যের মৃত্যু

কাজে ফেরার পরের দিনই করোনার উপসর্গ নিয়ে মারা যান চট্টগ্রাম সদরঘাট থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জিএম কাইয়ুম (৩৮)।

সোমবার (০১ জুন) সকাল সাড়ে দশটার দিকে তিনি শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যবরণ করেন।

সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার ও জনসংযোগ মকর্তা আবু বকর সিদ্দিক জানান, গত সপ্তাহে সদরঘাট থানা পুলিশের এএসআই জিএম কাইয়ুমের শরীর কিছুটা অসুস্থ হলে তাঁর নমুনা সংগ্রহ করে করোনার সংক্রমণ পরীক্ষা করা হয়। কিন্তু পরীক্ষায় করোনা ভাইরাস নেগেটিভ আসে। এরপর তিনি ৩১ মে পুনরায় কর্মস্থল সদরঘাট থানায় যোগ দেন। তবে আজ সকালে তাঁর স্বাস্থ্যের হঠাৎ অবনতি ঘটে এবং তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ভর্তির পর সকাল ১১.২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যবরণ করেন।

তিনি আরো বলেন, মৃত পুলিশ সদস্যের মৃত্যুর কারণ কি করোনার সংক্রমণ ছিল বা তিনি করোনা সংক্রমিত ছিলেন কিনা তা নিশ্চিত করতে পুনরায় তাঁর নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে নিশ্চিত করে বলা যাবে তাঁর শরীরে করোনার সংক্রমণ ছিল কিনা।

মৃত্যুবরণকারী পুলিশ সদস্য মৃত্যুর আগে করোনা ভাইরাস পজেটিভ ছিলেন কিনা তা নিশ্চিত হবার জন্য মৃত্যুর পর তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে করোনা কিনা নিশ্চিত হওয়া যাবে।

এছাড়া সদরঘাট থানার এএসআই তন্ময় বার্তাবাজারকে জানান, এএসআই জিএম কাইয়ুম ফেনীর পরশুরাম এলাকার বাসিন্দা। বিকাল চারটায় সদরঘাট থানা কম্পাউন্ডে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে পরিবারের কাছে লাশ স্থানান্তর করা হবে।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর