করোনাভাইরাস এর মহামারীতে সংকটকালীন সময়ে গণপরিবহন চলাচলে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকল্পে এবং সরকার ঘোষিত ৬০% ভাড়া বৃদ্ধির শর্তাবলি যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা তা তদারকি করার জন্য বাগেরহাট জেলা বাসটার্মিনালে বিআরটিএ’র উদ্যোগে স্থানীয় প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক ও জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভাপতি মোঃ মামুনুর রশীদের নির্দেশে জেলা প্রশাসন, বাগেরহাট, পুলিস বিভাগ, বাগেরহাট ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাগেরহাটের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
সচেতনতা সৃষ্টিমুলক এ অভিযানে বাগেরহাট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহিনুজ্জামান বাগেরহাট জেলা বাসটার্মিনালে জেলার সকল বাসমালিক ও শ্রমিকদের সরকার নির্ধারিত ভাড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদাণ করেন।
বাগেরহাট জেলা ট্রাফিক পুলিস বিভাগের পরিদর্শক (প্রশাসন) মামুনুর রশীদ সরকারি এই সিদ্ধান্ত ও বিধি মেনে চলার বিভিন্ন দিক তুলে ধরেন ও মৌলিক প্রশিক্ষণ প্রদাণ করেন।
এ ছাড়া বিআরটিএ, বাগেরহাট এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌঃ তানভীর আহমেদ চৌধূরী ও মোটরযান পরিদর্শক ফরহাদ হোসেন টার্মিনালে অবস্থিত বিভিন্ন যানবাহন কাউন্টারে ভাড়ার চার্ট ঝুলিয়ে রাখা, করোনা স্বাস্থ্যবিধি ও সড়ক পরিবহন আইনের বিভিন্না দিক তুলে ধরেন এবং সচেতনতা বৃদ্ধিমুলক লিফলেট, স্টিকার ও পুস্তিকা বিতরণ করেন।
অন্যদিকে বাগেরহাট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল বাকি এই অভিযানে সর্বাত্মক সহায়তা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে বিআরটিএ সূত্রে জানা গেছে।
বার্তা বাজার/সি.কে