দেশে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যমতে দেশে আজ (মঙ্গলবার) ২ হাজার ৯১১ জন আক্রান্ত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা এখন ৫২ হাজার ৪৪৫ জন। গত ৮ মার্চ দেশে প্রথম এই ভাইরাসটির উপস্থিতি জানা যায়। সেদিন ৩ জন আক্রান্ত হয়েছিল। এরপর ভিন্ন গতিতে আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ৮৫ তম দিনে এসে এই সংখ্যা অর্ধলক্ষ ছাড়িয়েছে।
পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায়, ৮ মার্চ থেকে ৮ এপ্রিল এই ৩০ দিনে দেশে আক্রান্তের সংখ্যা ছিল ২১৮ জনে। কিন্তু তার আরও ঠিক ৩০ দিন পরে এই সংখ্যা এসে দাঁড়ায় ১৩ হাজার ১৩৪ জনে। এর পরের মাত্র ২৫ দিনের মাথায় এই সংখ্যাটা অর্ধলক্ষে এসে দাঁড়িয়েছে। সর্বশেষ ৩০ দিনেই আক্রান্ত বেড়েছে ৪৩ হাজার ৬৫৫ জন।
দেশে একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে ২ জুন (মঙ্গলবার)। ওইদিন ২৪ ঘন্টায় দেশে ২,৯১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। আর সর্বোচ্চ রেকর্ড গড়ে ৩১ মে একদিনেই মৃত্যুর মিছিলে যোগ হয়েছিল ৪০ জন।
যদি আমরা এই ৮৫ দিনকে মাসের হিসাবে ভাগ করি তাহলে দেখতে পাই, প্রথম মাস অর্থাৎ ৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিল ২১৮ জনে। পরের মাস অর্থাৎ ৭ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত এই ৩০ দিনে আক্রান্ত হয়েছিলেন ১২ হাজার ৯১৬ জন মানুষ।
আর ৮ মে থেকে ২ জুন পর্যন্ত এই ২৫ দিনে দেশে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৩১৩ জন মানুষ! সর্বশেষ ২৫ দিনে যে পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছেন তা প্রথম ৬০ দিন অর্থাৎ ২ মাসে আক্রান্তের প্রায় ৩ গুন! যা জাতির জন্য অনেক বড় দুশ্চিন্তার কারণ। আক্রান্তের এই হার যদি অপরিবর্তিতও থাকে তাহলে আগামী ১ মাসের মধ্যেই দেশে আক্রান্তের সংখ্যা ছাড়াতে পারে দেড় লাখ।
প্রথম কিছুদিন লম্বা বিরতিতে ছিল দেশে এই ভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা। তারপরও মন্থর গতিতে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০জন। ভাইরাসটির কাছে হার মেনে মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছেন দেশের ৭০৯ জন মানুষ। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৮৩টি।
বার্তাবাজার/নিমফুল