নান্দাইলে অভিনব কায়দায় নিরীহ পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদের পায়তারা

ময়মনসিংহের নান্দাইলে পূর্ব শত্রুতার জেরে অভিনব কায়দায় নিরীহ এক পরিবারকে ভেটেমাটি থেকে উচ্ছেদ করতে বাড়ি ঘেষে গভীর পুকুর তৈরী করে মাছ চাষ করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্র ও সরজমিনে জানাযায়, নান্দাইল পৌর সদর ভূইয়া পাড়া গ্রামের নিরীহ তাহের উদ্দিনের পরিবারকে একই গ্রামের প্রতিবেশী হাবিবুর রহমান লিটন প্রভাবশালীর ক্ষমতার দাপটে তাহের উদ্দিনের বসতবাড়ির সীমানা ঘেষে (পাড় না রেখে) পুকুর খনন করে মাছ চাষ করছে।

পুকুর খননের সরকারি নিয়ম না মেনে এভাবে বসত বাড়ি ঘেষে পুকুর খননের বিষয়টি এলাকায় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রায় দুই মাস পূর্বে তাহের উদ্দিনের স্ত্রী মোছাঃ মিনারা খাতুন উক্ত পুকুর খননের বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে দরখাস্তের মাধ্যমে অবহিত করেন। পরে সংসদ সদস্য বিষয়টি তদন্তমূলে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নান্দাইল মডেল থানার ওসিকে নির্দেশ দিলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও তখন পুকুর খনন প্রায় শেষ হয়ে গিয়েছিল। বর্তমানে বর্ষা মৌসুমে উক্ত পুকুরে ভরপুর পানি ও মাছ চাষ করায় মিনারা খাতুনের ভিটে মাটি ভেঙ্গে পুকুরে মিশে যাচ্ছে। যেকোন সময় ভারী বর্ষায় বা ভূমিকম্পে তাহের উদ্দিনের বসতঘর ও বাড়ি ভেঙ্গে উক্ত পুকুরের গর্ভে চলে যেতে পারে বলে আশংকায় রয়েছে ভোক্তভোগী পরিবার।

মিনারা খাতুন জানান, অভিযুক্ত লিটন তার সম্পত্তির এরিয়া অলংকৃত করতে নান্দাইল মৌজাস্থ ১৪৭৮ খতিয়ানে সাবেক দাগ ২৬৩৮ ও বর্তমানে ১০৭৯৬ হালদাগে আমার ১৯ শতাংশ ভূমিটুকু হাতিয়ে নেওয়ার জন্য নানান চেষ্টা চালিয়ে যাচ্ছে। মিনারা খাতুনের স্বামী তাহের উদ্দিন জানান, স্থানীয় সালিশ দরবারেও এর কোন সুরাহা না হওয়া উক্ত প্রতিবেশী লিটনের অত্যাচারে এখন আমাদের বাড়ি ছাড়ার উপক্রম। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন তাহের উদ্দিনের পরিবার। তবে অভিযুক্ত লিটন এসমস্ত অভিযোগের বিষয় অস্বীকার করেন।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর