মহামারী করোনা ভাইরাস এখন সাধারণ জনগণের ভিড় ঠেলে পৌছে গিয়েছে ভিআইপিদের কাছেও। দেশের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের কাছে পৌছে গিয়েছে এই ভাইরাসের উপস্থিতি। আর সংসদ সদস্যদের ঘরে হানা দেওয়ার খবরতো সবারই জানা। ইতোমধ্যে ৩ জন এমপি আক্রান্ত হয়েছেন। এদের মাঝে ২ জনই সুস্থ হয়ে উঠেছেন। করোনার প্রভাব থেকে মন্ত্রীসভা মুক্ত থাকলেও তাদের অধীনস্থ কর্মচারীরা ঠিকই আক্রান্ত হচ্ছেন।
জানা যায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সরকারি বাসভবনের ৪ জন কর্মচারির দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। এখন পর্যন্ত তারা স্থিতিশীল অবস্থাতেই আছেন। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের গানম্যানের করোনা আক্রান্তের খবরও এখন দেশের সংবাদ মাধ্যমে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ নাসিমও।
এছাড়া, সম্প্রতি লকডাউনের মাঝেই ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মেয়ে জেবা জামান চৌধুরীর সাথে বাগদান সম্পন্ন হয় এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবুর ছেলে আতিকুল আলমের। ভূমি মন্ত্রীর চট্টগ্রামের বাসার এই অনুষ্ঠানে অংশ নিয়ে ইতোমধ্যেই মারা গিয়েছেন এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলমসহ দুইজন। এই অনুষ্ঠান থেকে আক্রান্তও হয়েছেন আরও অনেকেই।
আক্রান্ত ৩ সংসদ সদস্য হলেন- চট্টগ্রাম-৬ আসনের এমপি এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। প্রথম দুজন এরই মধ্যে সুস্থ হয়ে গেলেও এখনো করোনার সাথে লড়াই করছেন এবাদুল করিম বুলবুল।
বার্তাবাজার/এসজে