ঢাকার ধামরাইয়ে করোনা পজিটিভ আরও একজনের মৃত্যু ঘটেছে। এই নিয়ে উপজেলায় করোনা পজিটিভ দুইজনের মৃত্যু ঘটলো। সোমবার (১ জুন) ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা বিষয়টি নিশ্চিত করেন।
এব্যাপারে তিনি জানান, ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল এলাকার বাসিন্দা পরেশ আলী (৬৮) ঢাকা মেডিকেলে ভর্তি থাকা অবস্থায় আজ (সোমবার) দুপুর আনুমানিক ২.৩০ মিনিটে মারা যান। তিনি গত শনিবার (৩০ মে) করোনা পজিটিভ শনাক্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিলেন। এ নিয়ে ধামরাই উপজেলায় মোট দুইজন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হলো বলেও জানান তিনি।
প্রসঙ্গত, এর আগে গত রবিবার (৩১ মে) ভোরে ধামরাইয়ের কাকরান এলাকার বাসিন্দা একজন (৬৫) প্রথম করোনা পজিটিভ হিসেবে নিজ বাসায় হোম আইসোলেশনে থাকা অবস্থায় মারা যান।
এদিকে, ঢাকার সাভার উপজেলায় করোনা পজিটিভ আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (৩১ মে) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির (৬২) মৃত্যু হয় বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা।
এব্যাপারে তিনি জানান, গতকাল (রবিবার) রাতে মারা যাওয়া রোগী করোনা পজিটিভ শনাক্ত হন গত ১৩ মে। এরপর থেকে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই গতকাল রাতে তিনি মারা যান।
প্রসঙ্গত আরও উল্লেখ্য, এ নিয়ে সাভারে করোনায় মৃতের সংখ্যা বেড়ে এখন মোট সাতজনে দাঁড়ালো।
বার্তা বাজার / ডি.এস