ঈদ করতে বাড়ি গেলেন করোনা রোগী, গিয়েছেন অফিসেও!

শরীরে ভয়াবহ ভাইরাস করোনা আছে জেনেও ঈদ করতে গাজীপুর থেকে গ্রামের বাড়ি গেলেন এক গার্মেন্টস কর্মী (৪৩)। এর আগে নিজের করোনা আক্রান্তের বিষয়টি জানা সত্ত্বেও গিয়েছেন নিজের কর্মক্ষেত্রে। দীর্ঘ ১৫ দিন এইভাবে ঘুরাঘুরি করে সোমবার (১ জুন) তিনি ভর্তি হয়েছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে।

জানা যায়, গাজীপুরের বডি ফ্যাশন লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন ওই ব্যক্তি। গত ১৬ মে করোনা উপসর্গ থাকায় পরীক্ষার জন্য নমুনা দেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। কিন্তু জেনে শুনেও এই ব্যক্তি গত ২২ মে চলে যান তার কর্মক্ষেত্রে। ছুটি পেয়ে ২৩ মে বাড়ি আসেন। তথ্য গোপন রেখে সবার সঙ্গে স্বাভাবিক মেলামেশা করেন ।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও ডা. শফিকুল ইসলাম সজিব ওই পোশাক শ্রমিকের ভর্তির বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সকাল ৯টায় হাসপাতালের করোনা ইউনিটে ওই রোগী আসেন। টাঙ্গাইল সদর উপজেলায় কাতুলী ইউনিয়নে তার বাড়ি। পেশায় তিনি পোশাক শ্রমিক।’

তিনি আরও জানান, ‘ওই ব্যক্তিকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়ে আক্রান্তের বাড়ি লকডাউন করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানানো হয়েছে। এই রোগী তথ্য গোপন করে দুই সপ্তাহে বহু মানুষকে ঝুঁকিতে ফেলে দিয়েছেন।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর