বিশেষ শর্তে খোলা যাবে কওমী মাদ্রাসার অফিস

কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের ভর্তির সুবিধার্থে স্বাস্থ্যবিধি মেনে অফিস চালু করার অনুমতি দেয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরী বিজ্ঞপ্তিতে আগামীকাল (মঙ্গলবার) থেকে কওমী মাদ্রাসার অফিসসমুহ খোলা যাবে বলে জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১ জুন) এই তথ্য জানানো হয়।

ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে মসজিদ ও মাদ্রাসা সম্পর্কিত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাগুলো পালনে সহায়তা করায় দেশের আলেম সমাজকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞপ্তিটিতে আরও বলা হয়, প্রতিবছর রমজানের পরপরই দেশের কওমী মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। এই বছর করোনা পরিস্থিতির কারণে মাদ্রসাগুলো বন্ধ থাকায় ভর্তি কার্যক্রম ব্যহত হতে যাচ্ছিল। এমন অবস্থায় মাদ্রাসাগুলো থেকে ভর্তি কার্যক্রম চালু রাখার জন্য অফিস খোলার অনুমতি চাওয়া হয় ধর্ম প্রতিমন্ত্রীর কাছে।

পরে ধর্ম প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন এবং প্রধানমন্ত্রী মাদ্রাসাগুলোতে শিক্ষার্থী ভর্তির বিষয়টি আন্তরিকতার সঙ্গে অনুধাবন করে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে অফিস খোলা রাখার অনুমতি দিয়েছেন।

এ বিষয়ে সোমবার (১ জুন) বেফাকের মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরী এক বিজ্ঞপ্তিতে বলেন, কওমি মাদ্রাসাসমূহে ভর্তির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদ্রাসা ভর্তি কার্যক্রম পরিচালনা করতে কোনো বাধা নেই। তবে ভর্তির পর কোন ছাত্র/ছাত্রী কিছুতেই প্রতিষ্ঠানে অবস্থান করতে পারবে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর