প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজধানীর তেজগাঁও থানার ২১ জন পুলিশ সদস্য। আক্রান্তদের মধ্যে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিম উর-রশিদ তালুকদার রয়েছেন। এছাড়াও ১৩ জন সুস্থ হয়ে বর্তমানে মোহাম্মদপুরের একটি হোটেলে ১৪ দিনে কোয়ারেন্টাইনে আছেন।
আক্রান্ত পুলিশ সদস্যরা হলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), তিনজন উপ-পরদর্শক (এসআই), দুইজন সহকারি উপ-পরদর্শক (এএসআই) ও ১৫ জন পুলিশ কনস্টেবল। ওসি শামিম উর-রশিদ তালুকদার তেজগাঁও ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরও ছয় পুলিশ সদস্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ও একজন হোম আইসোলেশনের থেকে চিকিৎসা নিচ্ছেন।
জানা যায়, মে মাসের প্রথম দিকে একজন পুলিশ কনস্টেবল প্রথম আক্রান্ত হন। এরপর ক্রমান্বয়ে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। গত ২৫ মে ওসি শামিম উর-রশিদ তালুকদার শনাক্ত হওয়ার পর ২৬ মে তিনি ইম্পালস হাসপাতালে ভর্তি হন।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিম উর-রশিদ বলেন, আমি ২৪ মে পরীক্ষা করে ২৫ মে কোভিড-১৯ পজেটিভ জানতে পারি। পরে ২৬ মে হাসপাতালে ভর্তি হই। বর্তমানে এই পুলিশ কর্মকর্তা এজমা রোগেও ভুগছেন।
ওসি আরও জানান, আমার এজমা সমস্যা রয়েছে। চকবাজার অগ্নিকাণ্ড থেকে এই সমস্যা আরও বৃদ্ধি পায়। গতকাল বুকে ব্যাথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা বেশি হয়েছিল। বর্তমানে ভালো আছেন জানিয়ে এই পুলিশ কর্মকর্তা সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চান।
বার্তা বাজার / ডি.এস