প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়। সোমবার (১ জুন) দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
কক্সবাজার সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহীন আব্দুর রহমান তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. শাহীন আব্দুর রহমান জানান, কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার ৩৫ বছরের এক যুবক করোনার উপসর্গ নিয়ে গত শনিবার (৩০ মে) হাসপাতালে ভর্তি হন। পরে তার নমুনা সংগ্রহ করার পর ল্যাব থেকে করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে সোমবার (১ জুন) দুপুরে তিনি মারা যান।
এছাড়াও করোনার উপসর্গ নিয়ে শনিবার (৩০ মে) কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার ৩২ বছরের এক যুবক ও রোববার (৩১ মে) টেকনাফ থেকে ৬৫ বছরের এক নারী সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে তাদের দুজনেরই নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু এখনো রিপোর্ট পাওয়া যায়নি। রিপোর্ট না পাওয়া আগেই করোনা উপসর্গ নিয়ে দুজনই মৃত্যুবরণ করেন। তবে রিপোর্ট আসার পর বলা যাবে এই দুজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা। এদিকে ৩ জনের মৃতদেহ স্বাস্থ্যবিধি মেনে প্রশাসন দাফনের ব্যবস্থা করছে বলেও জানান তিনি।
কক্সবাজার জেলা প্রশাসন জানায়, এ পর্যন্ত কক্সবাজার জেলায় সোমবার (১ জুন) একজনসহ করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১২ জন, আক্রান্ত সংখ্যা ৭০৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪২ জন।
বার্তা বাজার / ডি.এস