করোনা উপসর্গ নিয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) বেলা ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত পুলিশ সদস্যের নাম মামুন উদ্দিন (২৮)

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও জনসংযোগ কমকর্তা আবু বকর সিদ্দিক জানান, মামুন করোনা পজিটিভ কি না তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

সিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন মৃত মামুন উদ্দিন। তার গ্রামের বাড়ি ফেনীর পরশুরাম থানাধীন নিজকালিকাপুর গ্রামে।

সোমবার বাদ জোহর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া পুলিশ লাইন্সে স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাজায় অংশগ্রহণ করেন এবং তার মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান।

জানাজা শেষে দাফনের জন্য সিএমপির ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। মামুনের মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

এর আগে সোমবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আয়া হাসিনা বেগমের (৬০) মৃত্যু হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৭৫ জন প্রাণ হারিয়েছেন। তবে করোনা শনাক্তের আগেই অধিকাংশ রোগীর মৃত্যু হয়েছে। অন্তত ২০ জনের মৃত্যুর পর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া আইসোলেশনে এখন পর্যন্ত মারা গেছেন ২০ জনের বেশি নারী-পুরুষ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর