করোনা উপসর্গে কর্মস্থলে মৃত্যু, গ্রামের বাড়িতে লাশ দাফন করলো পুলিশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মো. রেজাউল শিকদার (৫০) নামে এক ব্যক্তির লাশ দাফন করা হয়েছে।

সোমবার (১ জুন) সকাল ১১টায় উপজেলার কুচিয়াগ্রামে ফরিদপুর জেলা পুলিশ ও আলফাডাঙ্গা থানা পুলিশের দুটি টিমের সমন্বয় কঠোর সর্তকতার মধ্য দিয়ে তার লাশ দাফন করা হয়।

এলাকা ও পারিবার সূত্রে জানা যায়, রেজাউল শিকদার নারায়ণগঞ্জের একটি টেক্সটাইল মিলের দারোয়ান হিসাবে কর্মরত ছিলেন। গত ২৮ মে করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তীতে ৩১ মে রাত আনুমানিক ৮টার সময় তিনি মারা যান।

বিষয়টি খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ১লা জুন রাত ৩টার সময় নারায়ণগঞ্জের ভাড়া বাসা থেকে এ্যাম্বুলেন্সযোগে তার লাশ গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুচিয়াগ্রামে নিয়ে আসে।

রেজাউল শিকদারের বড় ভাই মিজানুর রহমান বলেন, ‘করোনা উপসর্গ দেখার পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে পরীক্ষার রিপোর্ট আসার আগেই সে মারা গেছে।’

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করীম বার্তা বাজারকে জানান, ‘খবর পেয়ে ফরিদপুর জেলা পুলিশ লাইনের এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম ও আলফাডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ এর নেতৃত্বে অপর আরেকটি টিম গিয়ে লাশের দাফন কার্য সম্পন্ন করেন।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর