ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৮ হাজরের বেশি

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশটিতে এর মধ্যেই আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ছাড়িয়ে গেছে। এমনকি আক্রান্তের সংখ্যায় জার্মানি এবং ফ্রান্সকেও ছাড়িয়ে গেছে দেশটি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ হাজার ৩৯২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। দ্বিতীয় দিনের মতো দেশটিতে একদিনেই ৮ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৩৫। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ হাজার ৪০৮ জনে।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, করোনায় আক্রান্ত ও মৃত্যুতে ৭ম অবস্থানে রয়েছে ভারত। ওই পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৯১ হাজার ৮৫৫ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৯৩ হাজার ৫২৮টি। এছাড়া ৮ হাজার ৯৪৪ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ৬৫৫ জন। আগামী ৩ জুন থেকেই ধীরে ধীরে সেখানে কড়াকড়ি শিথিল করা হবে। আগামী ৮ জুনের পর থেকে তিন দফায় সবকিছু খুলে দেওয়া হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর