দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হাতে ফেনীর জসিম উদ্দিন নিহত হয়েছেন। বাংলাদেশ সময় রোববার বিকালে দক্ষিণ আফ্রিকার আমটাটা শহরে এ ঘটনা ঘটে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।
নিহত জসিম উদ্দিন (৩৫) সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালিগিরি গ্রামের মুন্সি সারেং বাড়ির আবদুর রবের ছেলে।
নিহতের বাবা আবদুর রব জানান, “গত ১৪ বছর ধরে তার দুই ছেলে জসিম উদ্দিন ও নাছির উদ্দিন দক্ষিণ আফ্রিকায় বসবাস করছে। জসিম আমটাটা শহরে মুদি দোকান চালাত। রোববার বিকালে জসিম দোকান থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে ৪/৫ জন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তার গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে।এ
এসময় জসিম তাদের বাধা দিলে সন্ত্রাসীদের সঙ্গে তার হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা জমিকে শ্বাসরোধে হত্যা করে এবং তার সঙ্গে থাকা নগদ অর্থ লুট করে লাশ রাস্তার পাশে জসিমকে ফেলে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা জসিমকে মৃত ঘোষণা করেন বলে জানান তার বাবা।
জসিমের বাবা আরো বলেন, আগামী ঈদুল আজহার সময় জসিমের দেশে ফিরে বিয়ে করার কথা ছিল। সে অনুযায়ী আমাদের পরিবারের প্রস্তুতিও চলছিল।
ছেলের লাশ দেশে আনার জন্য দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
জসিমের মৃত্যুর খবর তার ভাই নাছির রোববার রাতে দেশের বাড়িতে জানালে শোকের ছায়া নেমে আসে পরিবার ও আত্মীয় স্বজনের মাঝে। জসিমের মৃত্যুতে তার বাবা-মা বারবার মুর্ছা যাচ্ছেন
বার্তা বাজার/সি.কে