করোনা পরিস্থিতির মধ্য দিয়ে গতাকাল(৩১মে) প্রকাশিত হলো এস.এস.সি এবং দাখিল পরীক্ষার ফলাফল। উওীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম জুন মাসের প্রথম সপ্তাহে শুরুর পরিকল্পনা থাকলেও তা আপাতত হচ্ছে না। রোববার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জুন মাসে কলেজে ভর্তি কার্যক্রম শুরু করা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’
অধ্যাপক জিয়াউল আরও বলেন, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এই মাসে আদৌ শুরু হবে কি না তা নিশ্চিত নয়। সবকিছু নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। কলেজে ভর্তির সঙ্গে ১৭ থেকে ১৮ লাখ শিক্ষার্থী জড়িত। ভর্তির সময় শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কিছু কাজ করতে হয়, ফলে এই সময় তারা ঝুঁকির মধ্যে পড়তে পারে। আর শিক্ষা প্রতিষ্ঠানতো এখনো বন্ধ, কাজেই অপেক্ষা করছি।’
মে মাসের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হলে আগামী ৬ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরুর পরিকল্পনা নিয়েছিল ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ড থেকে বেশ কয়েক বছর ধরে কেন্দ্রীয়ভাবে দেশের সব সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়।
কেএ/বার্তাবাজার