তালাকনামায় সাক্ষর না করায় কেটে দেয়া হলো গৃহবধূর চুল

তালাকনামায় সাক্ষর না দেওয়ায় এক গৃহবধূকে (৩২) তার স্বামীর নির্দেশে শ্বাশুড়ি ও ননদ মিলে মারপিটের পর মাথার চুল কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। শনিবার (৩০) রাতে বগুড়া সদর উপজেলার লাহিড়িপাড়া ইউনিয়নের মধুমাঝিড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

নির্মম নির্যাতনের শিকার ওই গৃহবধূ রোববার (৩১ মে) সকালে পালিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

জানা যায়, প্রায় এক যুগ আগে বগুড়া সদর উপজেলার উত্তর লাহিড়িপাড়ার বেলাল হোসেনের মেয়েকে বিয়ে করেন মধুমাঝিড়া গ্রামের গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে আবদুর রহিম। দুই সন্তানের এই সংসারে বিয়ের পর থেকেই লেগে আছে ঝগড়া। এক পর্যায়ে স্বামী রহিম তালাক দেয়ার সিদ্ধান্ত নেন তার স্ত্রীকে। কিন্তু স্ত্রী রাজি না হওয়ায় শনিবার রাতে ঘুম থেকে জাগিয়ে রাতভর নির্যাতন করা হয় তাকে।

রহিমের মা ও বোন মিলে সারারাত নির্যাতনের এক পর্যায়ে কেটে দেয়া হয় ওই গৃহবধূর মাথার চুল। রোববার সকালে সুযোগ পেয়ে গৃহবধূ বাড়ি থেকে পালিয়ে বগুড়া শজিমেক হাসপাতালে গিয়ে ভর্তি হন।

নির্যাতনের শিকার গৃহবধূর ভাই রুবেল মিয়া অভিযোগ করে বলেন, স্বামীর নির্দেশেই তার বোনকে মারপিটের পর মাথার চুল কেটে দেয়া হয়েছে।

এ বিষয়ে সদর থানার ইন্সপেক্টর রেজাউল করিম রেজা জানান, গৃহবধূকে নির্যাতনের কথা শুনেছেন। তবে সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর