পঞ্চগড়ে ঢাকা,গাজীপুর,নারায়ণগঞ্জ, মাদারীপুর,কুমিল্লা এবং গাজীপুর ফেরত ১২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। আক্রান্তদের মধ্যে তেঁতুলিয়া উপজেলায় ২ জন, আটোয়ারী উপজেলায় ২ জন ও দেবীগঞ্জ উপজেলায় ৮ জন। রোববার রাতে ১২ জনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়,আক্রান্তদের মধ্যে তেঁতুলিয়া উপজেলার ২ জনের বাড়ি শালবাহান ইউনিয়নের কালান্দিগছ এলাকায়। তারা ঢাকা ফেরত গার্মেন্টস কর্মী। তাদের বয়স ২৪ ও ২৭ বছর। সম্প্রতি ঈদ করতে নিজ গ্রামের বাড়িতে ফেরে তারা।
আটোয়ারী উপজেলার আক্রান্ত ২ জনের বাড়ি তোড়েয়া ইউনিয়নের কাটালি এলাকায়। তাদের বয়স ২১-৩১ বছর। তারা গাজীপুর ফেরত গার্মেন্টস কর্মী। সম্প্রতি তারা গাজীপুর থেকে নিজ বাড়িতে ফেরেন।
দেবীগঞ্জ উপজেলার আক্রান্ত ৮ জন ঢাকা, নারায়নগঞ্জ,মাদারীপুর ও কুমিল্লা ফেরত। এই ৮ জনের মধ্যে ৫ জন একই পরিবারের তাদের বাড়ি দন্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ গ্রামে।তারা মাদারীপুর ফেরত। তাদের বয়স ১৬-৩৬ বছরের মধ্যে।
সেখানে তাদের পরিবারের প্রধান মাদারীপুর পল্লী বিদ্যুত এ লাইনম্যান হিসেবে কাজ করতেন। সেখানে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে পরিবারের বাকী সদস্যরা পঞ্চগড়ে চলে আসে। আক্রান্তদের বাকী ৩ জন পামুলি ইউনিয়নের আহমদনগর ও কাটনহারী এলাকার। তারা কুমিল্লা,নারায়ণগঞ্জ ও ঢাকা ফেরত। তাদের বয়স ২০-৪০ বছরের মধ্যে। সেখানে তারা গার্মেন্টসে কর্মী হিসেবে কাজ করতো।
আক্রান্তরা দেশের বিভিন্ন স্থান থেকে আসার পর থেকে তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। গত ২৮ মে তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ৩১ মে তাদের করোনা পজেটিভ এসেছে।
সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, এ পর্যন্ত ১২৯৫ জনের নমুনা সংগ্রহ করার পর ১২১৮ জনের রিপোর্ট এসেছে তার মধ্যে ৮০ জনের করোনা পজেটিভ এসেছে। ইতিমধ্যে ১২ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং দুইজনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
কেএ/বার্তাবাজার