ঝিনাইদহ সদর উপজেলায় একটি পুকুর থেকে আবু সালেহ মাহি (৫) ও সাফিয়া (৯) নামের দুই ভাই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের মা মনিরা খাতুনকে আটক করা হয়েছে।
রোববার (৩১ মে) দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর গ্রামের জামতলাপাড়ায়। নিহত শিশুদের বাবার নাম নজরুল ইসলাম।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, সকালের দিকে মনিরা বেগম তার দুই শিশুকে নিয়ে পুকুরে যান গোসল করতে। গোসল শেষ করে মনিরা বেগম বাড়িতে ফিরে প্রতিবেশি এক নারীর কাছে পানি খেতে চান।
প্রতিবেশি সুফিয়া খাতুন বলেন, মনিরা খাতুন তাকে বলেছেন যে, আগের সন্তানদের মানুষ করতে কষ্ট হয়নি। এ দুটোর মানুষ করতে কষ্ট হচ্ছে। তাই ওদের পানিতে ফেলে দিয়েছি। পরে তাকে সঙ্গে নিয়ে পুকুরে যায় প্রতিবেশীরা। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মা মনিরা বেগমকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ অফিসার এমদাদ। তিনি জানান, এটি হত্যা নাকি পানিতে ডুবে মৃত্যু তা সঠিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের পর জানা যাবে।
বার্তাবাজার/এসজে