দীর্ঘদিন পুত্রবধূর অত্যাচার নীরবেই সহ্য করলেও শেষ বয়সে আর সেখানেও ঠাই হয়নি এক মায়ের। জীবন বাঁচাতে বাড়ি ছেড়ে যেতে চাইলেন ভারতে ছোট ছেলের কাছে। কিন্তু ছোট ছেলের কাছ থেকেও কোনো সাড়া পান নি এই বৃদ্ধা মা। অবশেষে এই বৃদ্ধা মাকে আশ্রয় নিতে হল বেনাপোল টার্মিনালে।
বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের ৮০ বছরের বৃদ্ধা সুনতি হালদার। স্বামীর মৃত্যুর পর বড় ছেলে বাবুল হালদারের বাসায় থাকতেন তিনি। কিন্তু প্রতিনিয়ত সইতে হতো ছেলে ও ছেলে বউয়ের নির্যাতন। কষ্ট সইতে না পেরে ঘর ছেড়ে ঘুরেছেন রাস্তায় রাস্তায়।
শেষ আশা ভারতে থাকা ছোট ছেলে। তার কাছে যেতে চাইলেও মাকে গ্রহণ করতে রাজি নন তিনি। অনাহারে আর্ধাহারে ১২ দিন ধরে পড়ে আছেন বেনাপোল চেকপোস্টে। এতো অবহেলার পরও সন্তানদের বিরুদ্ধে অভিযোগ নেই মায়ের।
সুনতি হালদার বলেন, দশ মাস দশ দিন গর্ভে রেখেচি আমি, ছোট থেকে বড় করেছি, আমার মায়া নেই? একটা পিটুনি পুলিশে দিলে আমি তা সহ্য করতে পারব না।
পুলিশের চাপে অবশেষে মাকে ফিরিয়ে নিতে রাজি বড় ছেলে। কিন্তু নির্যাতনের ভয়ে ফিরতে চান না মা। এ অবস্থায় নিরাপত্তা নিশ্চিতে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের।
অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম বলেন, সেই মা যদি কোনো অভিযোগ আমাদের দেন, আমরা ব্যবস্থা নেব।
বৃদ্ধা সুনতি হালদারের দুই ছেলে দুই মেয়ে। ছোট ছেলে অনুপ ও দুই মেয়ে থাকেন ভারতে।
বার্তা বাজার / ডি.এস