বরিশালে প্রাণঘাতী করোনভাইরাসে উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। তারা জ্বর, কাশি ও প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছিলেন।
মৃত ৪ জনের নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর ১৩নং ওয়ার্ডের কাজিপাড়া এলাকার ৬৫ বছর বয়সী বৃদ্ধ মারা যান। তিনি সকাল সাড়ে ৯টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তির ২ ঘণ্টা পরই প্রচণ্ড শ্বাসকষ্ট ও জ্বরে মারা যান। একইভাবে করোনা উপসর্গ নিয়ে ভর্তির পর মারা যান উজিরপুর উপজেলার সাতলা গ্রামের ৫০ বছর বয়সী এক পুরুষ। তিনি শনিবার রাত ১১টা ২০ মিনিটে ভর্তি হন এবং মারা যান রাত ১২টা ৪৫ মিনিটে।
এর আগে শনিবার বিকাল ৫টা ১৫ মিনিটে মারা যান মুলাদী পৌরসভার ৭নং ওয়ার্ডে ৪৫ বছর বয়সী একজন। তিনি শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে ভর্তি হয়েছিলেন করোনা ওয়ার্ডে। শনিবার দুপুর সাড়ে ১২টায় বাকেরগঞ্জ উপজেলার কলশকাঠী গ্রামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধ মারা যান।
এ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে মারা যান ৩৩ জন। এর মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়।
এ পর্যন্ত করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২১৯ রোগী। এর মধ্যে ৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডি.এস