উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১১১ জনে।
রবিবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত ২ জনই পুরুষ।
২ জনেরই বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন কাদশুকা কালমেঘ গ্রামে। আক্রান্ত একজনের বয়স ৪০ বছর ও অপরজনের বয়স ৫২ বছর। উভয়ই সদ্য ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে ফিরেছেন।
উল্লেখ্য, ১১ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ২৪ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৩১ জন, হরিপুর উপজেলায় ২৩ জন, রাণীশংকৈল উপজেলায় ১২ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ২১ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।
এছাড়া, রাণীশংকৈল উপজেলার ৮০ বছর বয়সী ঢাকা ফেরত এক নারী নিজ বাড়িতে মারা যাওয়ার পর মৃতদেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। এটিই ঠাকুরগাঁও জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু।
কেএ/বার্তাবাজার