‘সি’ গ্রেড পেয়ে পাশ করায় আত্মহত্যা

প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ‘সি’ গ্রেড পেয়ে পাশ করায় আত্মহত্যা করেছে পিয়ারুল ইসলাম (১৬) নামের এক শিক্ষার্থী। রোববার (৩১ মে) ঝিনাইদহের মহেশপুর উপজেলার শাহবাজপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। পিয়ারুল ওই গ্রামের ঝন্টু মণ্ডলের ছেলে।

আত্মহত্যা করা পিয়ারুল একই এলাকার খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র ছিল। এর আগে সে স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষায় ৫টি বিষয়ে অকৃতকার্য হয়েছিল। নানা সুপারিশের পর তাকে চুড়ান্ত পরিক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছিল।

এ বিষয়ে মহেশপুর থানার ওসি (তদন্ত) রাশেদুল আলম বলেন, পিয়ারুল ইসলাম যশোর শিক্ষা বোর্ডের অধীনে খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। আজ ফলাফল প্রকাশের পর সে জানতে পারে ‘সি’ গ্রেড (২.৭৮) পেয়ে কৃতকার্য হয়েছে।

এরপর সে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পার্শ্ববর্তী মেহগনি বাগানের গাছে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। সেসময় খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর