কাউন্সিলর খোরশেদের পাশে শামীম ওসমান, স্কয়ার হাসপাতালে ভর্তি লূনা

করোনায় মারা যাওয়া ৬১ জনের লাশ দাফন করে সস্ত্রীক আক্রান্ত হয়ে আলোচিত নারায়ণগঞ্জ সিটি কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন সাংসদ একেএম শামীম ওসমান। তাদের খোঁজ-খবর নেয়ার পাশাপাশি গুরুতর অসুস্থ কাউন্সিলরের স্ত্রী আফরোজা খন্দকার লুনাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ ও সহযোগীতা করেন তিনি।

আজ (রোববার) বিকালে আফরোজা খন্দকার লূনাকে ভর্তি করা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। এর আগে নারায়ণগঞ্জের সাজেদা ফাউন্ডেশনে চিকিৎসাধীন লূনার অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে। সকাল থেকেই তাকে রাখা হয় অক্সিজেন সাপোর্টে। তারপর থেকে একাধিকবার ফোনে খোঁজ-খবর নেন শামীম ওসমান।

এ বিষয়ে সাজেদা ফাউন্ডেশনের ম্যানেজার ওবায়দুল্লাহ বলেন, সাংসদ শামীম ওসমান সকাল থেকেই কয়েকবার ফোন দিয়ে খোঁজ-খবর নিয়েছেন এবং তাদের ওবস্থা জানতে চেয়েছেন। এমপির পরামর্শেই কাউন্সিলর খোরশেদের স্ত্রীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, এছাড়া সকাল থেকেই বিভিন্ন দূতাবাস ও সরকারি-বেসরকারি দপ্তর থেকে শুভাকাঙ্ক্ষীরা তার ও তার স্ত্রীর খোঁজ-খবর রাখছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাও তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর রাখছেন।

এর আগেই গত ২৩ মে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা। এদিকে শনিবার (৩০ মে) নিজেও করোনায় আক্রান্ত হন খোরশেদ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর