করোনায় এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধানের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ মারা গেছেন। আজ রবিবার দুপুর দেড়টায় তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

এনটিভির গণসংযোগ কর্মকর্তা পাভেল ইসলাম মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মোস্তফা কামাল সৈয়দকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। তবে তবে দাফনের সময় ও জানাজার বিষয় সরকারি নির্দেশ অনুযায়ী পরিবারই নির্ধারণ করবে। এদিকে গত শুক্রবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল মোস্তফা কামাল সৈয়দকে। এরপর থেকে তাকে সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছিল।

মোস্তফা কামাল সৈয়দ কর্মজীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন টিভি চ্যানেলে। ২০০৩ সালে এনটিভির শুরু থেকে তিনি অনুষ্ঠান বিভাগের দায়িত্বে আছেন। এর আগে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান প্রধান ছিলেন। ৫২ বছরের কর্মজীবনে তিনি পাকিস্তান টিভিতেও শীর্ষ পর্যায়ে কাজ করেছেন। এছাড়াও দেশের টিভিতে অনন্য অবদান রাখা এ মানুষটি একেবারে আলাদা জীবনযাপন করতেন।

জানা যায়, মোস্তফা কামাল সৈয়দ কখনও মোবাইল ফোন ব্যবহার করতেন না। নাটক ও অনুষ্ঠান নির্বাচনেও সরাসরি তৃণমূল পর্যায়ে কথা বলে নিতেন। মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী ও এনটিভি পরিবার।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর