৩ হাজার ২৩ প্রতিষ্ঠানের সবাই পাস

গতবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৫৮৩টি। এবছর বেড়েছে ৪৪০টি। চলতি বছরের ঘোষিত ফলে এবারে ৩ হাজার ২৩টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে।

আজ রোববার চলতি বছরের এসএসসি পরীক্ষার ঘোষিত ফল থেকে এমন তথ্য জানা গেছে।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরে সকাল ১১টায় শিক্ষামন্ত্রী ফেসবুক লাইভের মাধ্যমে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

এসময় শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধিকে ইতিবাচক দিক বলে মন্তব্য করেন তিনি।

এবারে সম্মিলিত পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। এর মধ্যে যশোর বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৩১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন।

বরিশাল বোর্ডে ৭৯ দশমিক ৭০ শতাংশ জিপিএ-৫ ৪ হাজার ৪৮৩ জন, কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ২২ শতাংশ, জিপিএ-৫ ১০ হাজার ২৫৪ জন, সিলেট বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬২ জন, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮০ দশমিক ১৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন।

এবছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ শিক্ষার্থী। যার মধ্যে আট লাখ ৪৩ হাজার ৩২২ ছাত্রী। ছাত্রের তুলনায় ৫১ হাজার ৪০৪ ছাত্রী বেশি।

মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন। ছাত্রী অংশ নেয় এক লাখ ৪৭ হাজার ১১৬ জন। ছাত্রের তুলনায় ১২ হাজার ৯৭৮ জন বেশি। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় এক লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর