দুই মাস বয়সী শিশুর করোনা শনাক্ত, মা নেগেটিভ

বান্দরবানে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দুই মাস বয়সী এক কন্যা শিশু। আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে শিশুটিকে। শিশুটির সাথে তার মাকেও রাখা হয়েছে। তবে শিশুটির মায়ের করোনা নেগেটিভ।

বৃহস্পতিবার কক্সবাজারের মেডিকেল কলেজ ল্যাব থেকে নমুনা পরীক্ষায় ওই শিশুর করোনা পজিটিভ আসে।

সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ওই শিশুটির পরিবার বান্দরবানে বেড়াতে আসে। স্থানীয়রা ঢাকা থেকে এক পরিবার এলাকায় এসেছে বলে বান্দরবান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের জানায়।পরে স্বাস্থ্য বিভাগের কর্মীরা ওই শিশু ও তার মায়ের নমুনা সংগ্রহ করে। নমুনা পরীক্ষায় শিশুটির করোনা পজিটিভ এলেও মায়ের নেগেটিভ এসেছে।

শনিবার (৩০ মে) ৬ বছরের আরও এক শিশুর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। ওই শিশুকে রাজবিলা থেকে বান্দরবান আইসোলেশন ইউনিটে আনা হয়েছে। সেই সাথে ওই শিশুর মা চট্টগ্রামের একটি হাসপাতালে করোনার চিকিৎসা নিচ্ছেন। শিশুটির সাথে তার খালুকেও আইসোলেশন ইউনিটে আনা হয়েছে বলে জানান আবাসিক মেডিকেল অফিসার প্রত্যুষ পল ত্রিপুরা।

জেলার সিভিল সার্জন ডা. অংসুই প্রু বলেন, বান্দরবানের করোনায় আক্রান্তের সংখ্যা ২৮। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। শিশু দুটিকে আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর