বিভাগীয় স্বাস্থ্য পরিচালক নিজেই তার মায়ের চিকিৎসা করাতে পারলেন না!

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির তার করোনা আক্রান্ত মাকে চিকিৎসা করাতে ব্যর্থ হয়েছেন। অথচ তিনিই পুরো চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য অধিদফতরের হর্তাকর্তা। তবুও তার মায়ের চিকিৎসা করাতে পারেন নি চট্টগ্রামে।

চট্টগ্রামে মায়ের চিকিৎসা করাতে ব্যর্থ হয়ে পরে শুক্রবার (২৯ মে) রাতে তিনি তার মাকে নিয়ে যান ঢাকার আনোয়ার খান মডার্ণ হাসপাতালে।

বিষয়টি নিয়ে চট্টগ্রামে চলছে নানামুখী আলোচনা-সমালোচনা। তাদের যদি হয় এই দুরবস্থা, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা-এই প্রশ্ন এখন চট্টগ্রামের সব মানুষের।

নিজের মাকে আনোয়ার খান মডার্ণ হাসপাতালে ভর্তি করানোর বিষয়টি দেশের একটি অনলাইন নিউজ পোর্টালকে নিশ্চিত করেছেন ডা. হাসান শাহরিয়ার কবির নিজেই

জানা গেছে, গত ২৮ মে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এবং তা মা রাজিয়া কবির দুজনেরই করোনা পজিটিভ রিপোর্ট আসে। মায়ের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর বিপাকে পড়তে হয় ডা. শাহরিয়ারকে। কারণ তার মা আগে থেকেই অসুস্থ। দুদিন পরপর কিডনি ডায়ালাইসিস করতে হয়। করোনা পজিটিভ হওয়ার পর চট্টগ্রামের কোনো হাসপাতাল ডায়ালাইসিস করতে রাজি হয়নি।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী বিভিন্ন বেসরকারি হাসপাতালে চেষ্টা করেও স্বাস্থ্য পরিচালকের মায়ের ডায়ালাইসিসের ব্যবস্থা করতে ব্যর্থ হন। কোনো হাসপাতাল কর্তৃপক্ষকেই রাজি করাতে পারেননি তিনি। সবাই সাফ জানিয়ে দিয়েছে, করোনা আক্রান্ত রোগীর কিডনি ডায়ালাইসিস ঝুঁকিপূর্ণ। এতে ওই হাসপাতালের অন্য রোগীরাও আক্রান্ত হবেন। করোনা ডেডিকেটেড কোনো হাসপাতালে ডায়ালাইসিস করার পরামর্শ দেন তারা। শেষে কোনো উপায় না দেখে শুক্রবার রাতে অসুস্থ মাকে নিয়ে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়েন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শাহরিয়ার। শনিবার (৩০ মে) সকালে মাকে ভর্তি করান ঢাকার আনোয়ার খান মডার্ণ হাসপাতালে।

এ ব্যাপারে ডা. হাসান শাহরিয়ার কবির জানান, চট্টগ্রামে ডায়ালাইসিস সুবিধা সংবলিত সব হাসপাতালে সিভিল সার্জনের মাধ্যমে মায়ের ডায়ালাইসিস করানোর চেষ্টা করা হলেও ঝুঁকির কথা বলে কেউ চিকিৎসা দিতে রাজি হননি। যার কারণে করোনা-আক্রান্ত মায়ের কিডনি ডায়ালাইসিসে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত চট্টগ্রাম ছাড়তে বাধ্য তিনি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর