পঞ্চগড়ে গাজীপুর ফেরত ৩ গার্মেন্টস কর্মীসহ ৪ জনের করোনা শনাক্ত

পঞ্চগড়ে গাজীপুর ফেরত ৩ জন গার্মেন্টস কর্মী সহ ৪ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ জন, আটোয়ারী উপজেলায় ১ জন,বোদা উপজেলায় ১ জন ও দেবীগঞ্জ উপজেলায় ১ জন। শনিবার রাতে ৪ জনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়,আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১ জনের বাড়ি পৌর এলাকার মসজিদ পাড়ায়। তার বয়স ৭০ বছর। তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। গত ১৯ মে তার পরিবারের ঢাকা ফেরত এক সদস্যর দ্বারা আক্রান্ত হন তিনি।

আটোয়ারী উপজেলার আক্রান্ত ১ জনের বাড়ি রাধানগড় ইউনিয়নের প্রধান পাড়ায়।তার বয়স ২৩ বছর। সে গাজীপুরের একটি গার্মেন্টস কারখানায় কর্মী হিসেবে কাজ করত।গত ২৩ মে গাজীপুর থেকে নিজ গ্রামের বাড়িতে ঈদ করতে আসে। বোদা উপজেলার আক্রান্ত ব্যাক্তির বাড়ি সদর ইউনিয়নের পুরুলিয়া গ্রামে। তার বয়স ৪২ বছর।

সে গাজীপুরে একটি গার্মেন্টস কারখানায় কর্মী হিসেবে কাজ করত। গত ১৯ মে গাজীপুর থেকে নিজ গ্রামের বাড়িতে ঈদ করতে আসে এবং দেবীগঞ্জ উপজেলার আক্রান্ত ১ জনের বাড়ি টেপ্রীগঞ্জ ইউনিয়নের ফুলতলা গ্রামে।

তার বয়স ৪৫ বছর।সে গাজীপুরের টঙ্গীতে রাজমিস্ত্রীর যোগালিয়া হিসেবে কাজ করত। গত ১৬ মে গাজীপুর থেকে নিজ গ্রামের বাড়িতে ঈদ করতে আসে। গাজীপুর থেকে আসার পর থেকে তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

গত ২৬ মে তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ৩০ মে তাদের করোনা পজেটিভ এসেছে।

সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, এ পর্যন্ত ১২১৯ জনের নমুনা সংগ্রহ করার পর ১০৪৬ জনের রিপোর্ট এসেছে তার মধ্যে ৬৮ জনের করোনা পজেটিভ এসেছে। ইতিমধ্যে ১১ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং দুইজনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর