ফেনীতে গরুর ফার্মের কর্মচারীকে গলাকেটে হত্যা!

ফেনী শহরের পাটোয়ারী বাড়ির একটি গরুর খামারে এক কর্মচারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ মে) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম সাগর। সে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার মো. হোসেন আলীর ছেলে।

পুলিশ জানায়, শনিবার সকাল ১১ টার দিকে ফেনী শহরের রামপুর পাটোয়ারী বাড়ির সাদেক হোসেনের গরুর খামারের কর্মচারী সাগরকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খামার মালিক জানায়, সকাল ১০ টার পরেও মোবাইল ফোনে নিহত সাগরের সাথে তাদের কথা হয়।

এরপর মোবাইল ফোন বন্ধ থাকায় তার খোঁজে খামারে আসলে তার থাকার ঘরের মেঝেতে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীসহ সিআইডি, পিবিআই, গোয়েন্দা পুলিশের বিভিন্ন ইউনিট উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেন।

পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত সাগর এই খামারে প্রায় ৮ বছর কর্মরত ছিল। গত আড়াই মাস আগে সাগর তার নিজ জেলা নেত্রকোণায় গিয়ে বিয়ে করেছিল। থানা পুলিশের পাশাপাশি সিআইডিও হত্যার রহস্য উদঘাটনে তদন্ত করছে।

ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বলেন, হত্যার রহস্য উদঘাটন করে আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর