করোনার প্রাদুর্ভাবে দুই মাসেরও অধিক সময় ধরে বন্ধ থাকা আভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের লক্ষ্যে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে ব্যাপক প্রস্তুতি।
শনিবার (৩০ মে) সকাল হতে যাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে যাত্রীদের সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা, এয়ারলাইন্সগুলোর কাউন্টারে মাস্ক ও গ্লভস, জুতোর তলা জীবাণুমুক্ত করার জন্য ফুটম্যাট বসানো, স্বয়ংক্রিয়ভাবে শরীরের তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থা, টার্মিনাল ভবনে নিরাপদ দূরত্বের কিউ মার্ক অঙ্কন কাজ শুরু হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান জানান, “কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য সম্ভাব্য সকল প্রক্রিয়া শুরু করা হয়েছে।
যাত্রীদের জন্য পার্কিং এলাকায় জীবাণুমুক্ত করা ট্রলি রাখা থাকবে। যাত্রী সাবান দিয়ে হাত ধোবেন। নির্দিষ্ট এয়ারলাইন্সের কাউন্টার থেকে গ্লাভস ও মাস্ক সংগ্রহ করে পরবেন। টার্মিনাল ভবনে ঢুকার আগে মেডিক্যাল টিম যাত্রীর তাপমাত্রা পরীক্ষা করবে। এরপর চিহ্নিত করা দূরত্ব অনুযায়ী দাঁড়িয়ে বোর্ডিং পাস সংগ্রহ করবেন।”
তিনি আরো জানান, “বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টম হাউস, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, স্বাস্থ্য অধিদফতর, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, সিঅ্যান্ডএফ এজেন্টসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাও অভ্যন্তরীণ ফ্লাইট চালু উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।”
কেএ/বার্তাবাজার