জামালপুরের সরিষাবাড়ীতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আরিফ মিয়া (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফ মিয়া মালিপাড়া গ্রামের আলম ভূইয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, আরিফ শনিবার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের তার নিজ বাড়ীর আঙ্গিনায় আম পাড়ার জন্য গাছে উঠে। এ সময় গাছের ডাল ভেঙে বাড়ীর বাথরুমের পাকা ছাদের উপরে পড়ে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফের মা পারভীন বেগম বলেন, আমার ছেলে মালিপাড়া উচ্চ বিদ্যালয়ে পড়তো। দুপুরে আম পাড়তে গাছে উঠেছিল । গাছের ডাল ভেঙে পাঁকা বাথরুমের ছাদের উপর পড়ে মারা গেলো। হাসপাতালে আনার পরও বাবাকে বাঁচাতে পারলাম না।
বার্তা বাজার / ডি.এস