করোনা রোধে জনপ্রতিনিধিদের আরো বেশি সম্পৃক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের আরো বেশি সম্পৃক্ত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও আক্রান্তদের চিকিৎসার বিষয়েও নির্দেশনা দেন তিনি।

শনিবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত গনভবনে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা সম্পর্কিত ‘জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’র সভায় তিনি এ নির্দেশ দেন।

গণভবনে সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানান।ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শনিবার সকালে গণভবনে স্বাস্থ্যসেবা সম্পর্কিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় স্থানীয় জনপ্রতিনিধিদের কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে আরো বেশি সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন।

তিনি আরো জানান, সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়া বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির প্রেসিডেন্ট প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল্লাহ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আব্দুল্লাহ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর