আগামী রোববার (৩১) থেকে সীমিত পরিসরে দেশের আটটি রুটে আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ঘোষণা দেয়া হয়েছে। এরপর দ্বিতীয় ধাপে ৩ জুন থেকে আরও ১১টি রুটে ট্রেন চলাচল শুরু হবে। তবে সামাজিক দুরত্ব বজায় রাখার এই সময়ে ট্রেনের টিকেটের দাম অপরিবর্তিত থাকবে এবং টিকেট পাওয়া যাবে শুধুমাত্র অনলাইনে।
শনিবার (৩০ মে) দুপুরে রেল ভবনে আয়োজিত এক সংবাদ সন্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এসব তথ্য জানান।
রেলমন্ত্রী জানান, সামাজিক দুরত্ব বজায় রাখার স্বার্থে প্রতিটা ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতার অর্ধেক টিকেট বিক্রি করা হবে। একই কারণে কোনো স্টেশনে টিকেট কাউন্টার থাকবে না। শুধুমাত্র অনলাইনেই মিলবে টিকেট। একইসাথে টিকেটের দামও আগের মত অপরিবর্তিত থাকবে।
মন্ত্রী আরও জানান, ট্রেনের বগিতে কোনো ধরণের খাবার পরিবেশন করা হবে না। শীতাতপ নিয়ন্ত্রিত বগিগুলোতেও কোনো বালিশ ও কাঁথা দেওয়া হবে না।
রেলমন্ত্রী আরও বলেন, ‘করোনাভাইরাসের কারণে রেল ব্যবস্থাপনায় পরিবর্তন হচ্ছে। কেউ টিকিট ছাড়া স্টেশন প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবে না। দ্বিতীয় ধাপে ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চালানো হবে। ১৫ জুন পর্যন্ত গণপরিবহন ও ট্রেন চলাচলের প্রভাব সরকার পর্যবেক্ষণ করবে। করোনাভাইরাস পরিস্থিতি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, এখন থেকে বিমানবন্দর রেল স্টেশন, জয়দেবপুর ও নরসিংদী রেল স্টেশনে কোনও ট্রেন থামবে না।
বার্তাবাজার/এসজে