পঞ্চগড়ে ঢাকা ও নারায়নগঞ্জ ফেরত আরো ৯ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ জনে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ জন, আটোয়ারী উপজেলায় ২ জন,দেবীগঞ্জ উপজেলায় ৬ জন। শুক্রবার রাতে ৯ জনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়,আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১ জনের বাড়ি পৌর এলাকার রাজনগরে, আটোয়ারী উপজেলার আক্রান্ত ২ জনের বাড়ি রাধানগড় ইউনিয়নের ছোটধাপ ও মির্জাপুর ইউনিয়নের আরাজী মন্ডলপাড়া এবং দেবীগঞ্জ উপজেলার আক্রান্ত ৬ জনের বাড়ি সুন্দরদিঘী ও ভাউলাগঞ্জ ইউনিয়নে।
সম্প্রতি তারা ঢাকা ও নারায়ণগঞ্জ হতে নিজ গ্রামের বাড়িতে ফেরেন এবং সবাই গার্মেন্টস কর্মী। তখন থেকে তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। গত ২৭ মে তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ২৯ মে তাদের করোনা পজেটিভ এসেছে।
সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, এ পর্যন্ত ১০৮৮ জনের নমুনা সংগ্রহ করার পর ১০০৮ জনের রিপোর্ট এসেছে তার মধ্যে ৬৪ জনের করোনা পজেটিভ এসেছে। ইতিমধ্যে ১০ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং দুইজনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
কেএ/বার্তাবাজার