ঢাকার সাভার উপজেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৪২৪ জন (২৮ মে, ২০২০ পর্যন্ত)। শুক্রবার (২৯ মে) সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সাভার উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ সায়েমুল হুদার নিকট থেকে এই তথ্য পাওয়া যায়।
বার্তা বাজার কে ডা. সায়েমুল হুদা জানান, গতকাল বৃহস্পতিবার (২৮ মে) পর্যন্ত সাভার উপজেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৯১৮ জনের। এর ভিতর আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৪২৪ জন। মোট মৃত্যু হয়েছে ৬ জনের। হোম আইসোলেশনে রয়েছেন ২১৩ জন। সর্বমোট ৪১ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। আর বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু এবং এই থানার একজন এস আই (উপ-পরিদর্শক) ও চার কন্সটেবল সহ মোট ৫ জন পুলিশ দায়িত্ব পালন করা অবস্থায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর আগে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান করোনা পজিটিভ শনাক্ত হন। বর্তমানে পারভেজুর রহমান সাভার উপজেলা চত্বরে তাঁর সরকারী বাসভবনে আইসোলেশনে রয়েছেন।
এদিকে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা জানিয়েছেন, ধামরাই উপজেলায় শুক্রবার (২৯ মে) রাত সাড়ে আটটা পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ৮৫৪ জনের।
এদের ভিতর এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছেন ৬৭ জন। গত ১৯ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন ১ জন (উপজেলার বালিয়া ইউনিয়নে)। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১০ জন। ধামরাই উপজেলায় এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি বলেও জানান তিনি।
কেএ/বার্তাবাজার