করোনা চিকিৎসায় ডা. জাফরুল্লাহর ‘প্লাজমা ব্যাংক’ প্রতিষ্ঠার উদ্যোগ

করোনা শনাক্তকরণ কিট তৈরীর পর নানান আলোচনার মাঝে করোনা আক্রান্ত হয়েছেন খোদ ডা. জাফরুল্লাহ চৌধুরীই। এরপর অবস্থা কিছুটা অবনতি হওয়ায় বৃহস্পতিবার (২৮ মে) প্লাজমা থেরাপি নেন দেশের এই বর্ষীয়ান চিকিৎসক। এখনও তিনি আইসোলেশনেই আছেন।

এবার আইসোলেশনে থেকেই দেশের মানুষের জন্য নতুন উদ্যোগের কথা ভাবছেন তিনি। করোনা রোগীদের চিকিৎসায় প্লাজমা থেরাপি দেওয়ার জন্য প্রতিষ্ঠা করতে চান ‘প্লাজমা ব্যাংক’। শুক্রবার (২৯ মে) সকালে গণমাধ্যমকে তার এই পরিকল্পনার কথা জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে স্বাস্থ্যবিধি মেনে আইসোলেশনে থাকা ডা. জাফরুল্লাহ জানান, গতকাল বিকালে গণস্বাস্থ্য নগর হাসপাতালে গিয়ে রক্ত নিয়ে, কিডনি ডায়ালাইসিস করে ও থেরাপি নিতে নিতে রাত ২টা বেজে যায়। সে কারণে রাতে আর বাসায় ফেরেননি তিনি। হাসপাতালের কিছু অফিসিয়াল কাজ আছে, সেগুলো করে প্লাজমা ব্যাংক প্রতিষ্ঠার জন্য কী করতে হবে, সেই বিষয়ে কিছু কাজ করে আবার বাসায় ফিরে আইসোলেশনে থাকবেন তিনি।

কেউ করোনা শনাক্ত হলে বা সাধারণ রোগে যারা অসুস্থ হচ্ছেন, তারাই তো ঠিকমতো চিকিৎসক পাচ্ছেন না। সেক্ষেত্রে দেশের সব মানুষ প্লাজমা থেরাপি পাবে এই ভাবনাটা এখনকার পরিস্থিতিতে কতটুকু বাস্তবিক? এমন প্রশ্নে তিনি বলেন, এটা খুবই সম্ভব। সব মানুষকে এই সুবিধা দেওয়া আকাশকুসুম কল্পনা না। এটা বাস্তব।

এর জন্য কিছু সরঞ্জামও লাগবে। আমরা এখন উদ্যোগ নিচ্ছি। প্রফেসর ডা. মহিউদ্দিন খান ঢাকা মেডিকেলে কাজ করছেন। শিশু হাসপাতালে কাজ করছেন ডা. হারুন। এটা অত্যন্ত মহৎ কাজ। তারা অত্যন্ত মহৎ কাজ করছেন। তাদেও সেই কাজের অংশ হিসেবেই আমরা খুব দ্রুত সময়ের মধ্যে গণস্বাস্থ্য নগর হাসপাতালে একটি ‘প্লাজমা ব্যাংক’ গড়ে তোলার উদ্যোগ নিতে যাচ্ছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর