ঢাকার সাভারের আশুলিয়ার ইসলামনগরে ঢাকা জেলা পরিষদের উদ্যোগে ৬৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত পিচের রাস্তা কেটে দীর্ঘ প্রায় দুই মাস ধরে ফেলে রাখা হয়েছিলো। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (২৮ মে) সরেজমিন গিয়ে এলাকাবাসীর যাতায়াতের দূর্ভোগের চিত্রটি সামনে আসে এবং একটি লাইভ প্রতিবেদন সহ এবিষয়ে একটি ভিডিও প্রতিবেদনও করা হয়। পরে শুক্রবার (২৯ মে) আশুলিয়া থানা ছাত্রলীগ ও পাথালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ সম্মিলিতভাবে কেটে ফেলে রাখা রাস্তাটি ঠিক করে চলাচল উপযোগী করে।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরে মাওলা সোহেল, আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, পাথালিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আলামিন হোসেন (বাবু), পাথালিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন প্রমুখ সহ অন্যান্য নেতাকর্মীগণ।

এব্যাপারে ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুরে মাওলা সোহেল জানান, আমি মুলত আমাদের মন্ত্রী মহোদয় ডাঃ এনামুর রহমান কে বলে ঢাকা জেলা পরিষদের মাধ্যমে ৬৮ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মাণ করিয়েছিলাম, তাতে করে প্রায় ১০ হাজার মানুষের যাতায়াতের সুব্যাবস্থা হয়েছে। কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই এলাকার উন্নয়ন কমিটি রাস্তা কেটেছে, আবার তা সংস্কার না করে ফেলে রেখে বাড়ি বাড়ি থেকে চাঁদা আদায় করছে। এটা তাদের নিকট কাম্য নয়। শেষে আমি নিজেই আজ এলাকাবাসী এবং আশুলিয়া থানা এবং পাথালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই রাস্তাটি সংস্কার করেছি।
এব্যাপারে আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম জানান, ৩টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি গত ২ মাস ধরে কেটে রেখে চাঁদাবাজি সহ নানান তালবাহানা করে চলেছে ইসলামনগর উন্নয়ন কমিটি। জনগণের ভোগান্তির কথা চিন্তা করে শেষে আমরা নিজেরাই এই রাস্তা সংস্কার করলাম।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (২৮ মে) সকালে সরজমিনে গেলে দেখা যায়, ইসলামনগর বাজার সংলগ্ন রাস্তাটি গভীর করে কেটে সুয়ারেজ পাইপ বসিয়ে সংস্কার না করে করে ২ মাস ধরে ফেলে রাখা হয়েছে। ফলে এলাকাবাসীসহ পথচারীরা পড়েছে চরম দূর্ভোগে।
গতকাল বিষয়টি নিয়ে ইসলামনগর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমরা মূলত এলাকার জলাবদ্ধতা নিরসনে কাজটি করেছি।
তবে সরকারি অর্থায়নে নির্মিত রাস্তা সংস্কার কিংবা কাটতে হলে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের অনুমতি তারা নিয়েছিলেন কিনা এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এরকম তো আরো কয়েক জায়গায় করেছি, কিন্তু কারও অনুমতি নিতে হবে এরকম কোনো কিছু আমার জানা নেই। এসময় তিনি জানান, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ দেওয়ানকে জানিয়ে তাঁরা এই রাস্তা কেটেছেন।
পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান এর মা গতকাল (বৃহস্পতিবার) মারা যাওয়ায় মানবিক কারণে তাকে ফোন দেয়া হয়নি বিধায় এব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে সাভার উপজেলা এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ) এর প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিক এর নিকট মুঠোফোনে রাস্তা কাটার ব্যাপারে তাদের থেকে লিখিত অনুমতি নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এরকম কোনো লিখিত অনুমতি তাদের কাছে চাওয়া হয় নাই। আর অনুমতি ছাড়া সরকারি অর্থায়নে নির্মিত রাস্তা কাটা আইনত অপরাধ।
বার্তা বাজার/সি.কে