জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের শান্তিরক্ষীদের বহন করতে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী-বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চাটার্ড করল জাতিসংঘ সদরদপ্তর।
এই চাটার্ড ফ্লাইটে বাংলাদেশি শান্তিরক্ষীগণ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মিনুসকা (MINUSCA) মিশনে যোগ দিবেন।
তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অমূল্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশি শান্তিরক্ষী পরিবহনে দেশটির নিজস্ব বিমান চাটার্ড করল জাতিসংঘ। এটি একটি মাইলফলক।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশন জাতিসংঘ সদরদপ্তরের সাথে বিমান চাটার্ড সংক্রান্ত এই চুক্তি স্বাক্ষর, সার্বিক সমন্বয় ও নিবিড় যোগাযোগ রক্ষা করে।
বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাটার্ড ফ্লাইটটি বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর ১৭৯ জন শান্তিরক্ষীকে নিয়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুইয়ের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
এই কন্টিনজেন্টের মধ্যে রয়েছে আর্মড ইউটিলিটি হেলিকপ্টার ইউনিট এর ১২৫ জন সদস্য, কুইক রিঅ্যাকশন ফোর্স কোম্পানীর অগ্রবর্তীদলের ২০ জন সদস্য এবং কোভিট-১৯ এর কারণে আটকে পড়া মিনুসকা (MINUSCA) মিশনের ৩৪ জন শান্তিরক্ষী। ফ্লাইটটি শুক্রবার (২৯ মে) সকালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইতে পৌঁছানোর কথা রয়েছে।
বার্তাবাজার/এমকে