ময়মনসিংহে ছেলেকে জমি লিখে না দেয়ায় আইয়ুব আলী (৬৮) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকালে জেলার ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে ছেলে এনামুল (২৮) পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গোপালপুর গ্রামের আইয়ুব আলীর সঙ্গে তার ছেলে এনামুলের জমি লিখে দেওয়া নিয়ে ও টাকা চেয়ে না পাওয়া নিয়ে বৃহস্পতিবার সকালে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে এনামুল দা দিয়ে বাবা আইয়ুব আলীকে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলাম জানান, বাবা আইয়ুব আলী বড় ছেলে খায়রুলকে সম্পত্তি লিখে দেয়ায় ছোট ছেলে এনামুলের সঙ্গে বিরোধ চলছিল। সকালে বাবার কাছে টাকা চাইতে গেলে বাবা দিতে অস্বীকার করায় ছেলে এ হত্যাকাণ্ড ঘটায়।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্তা বাজার / ডি.এস