নোয়াখালীর সোনাইমুড়ীতে কাতার প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার ঘটনায় শশুর পক্ষের লোকজন বাড়ীতে হামলা চালিয়ে বাড়ী-ঘর, আসবাবপত্র ভাংচুর করে।
শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার কৌশল্যারবাগ আনসার আলী ব্যাপারী বাড়ীতে এ ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে শনিবার বিকেল ৪ টায় নিহতের পিত্রালয়ে লাশ দাফন করা হয়। প্রত্যক্ষদর্শী ও ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার কৌশল্যারবাগ গ্রামের মৃত শাহ আলমের ছেলে কাতার প্রবাসী আনোয়ার হোসেন রিপনের সাথে পার্শ্ববর্তী নাওতোলা গ্রামের নূর নবীর মেয়ে নূর জাহান আক্তার নিশু (২১) ৮ মাস আগে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ হয়।
বিবাহের পর শাশুড়ী ও জা এর সাথে পারিবারিক কলহ লেগে আছে। শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী আত্মীয়ের বাড়ীতে তার শাশুড়ী,জা ও গৃহবধূ নিশু দাওয়াতে যাওয়ার কথা ছিল। ৪ মাসের অন্তসত্তা গৃহবধু তার শারীরিক অসুস্থতার কথা বলে যেতে না চাওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে শাশুড়ী তার হাতের মোবাইল নিয়ে যায়।
শুক্রবার বিকেল ৪টার দিকে শাশুড়ী ও জা বাড়ীতে এসে ঘরের দরজা বন্ধ দেখে ডাকা ডাকি করে সাড়া-শব্দ না পেয়ে বাড়ীর লোকজনের সহায়তায় দরজার ছিটকারী ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে। পরে তাদের চিৎকারে বাড়ীর লোকজন ছুটে আসে। খবর পেয়ে গৃহবধু নিশুর বাপের বাড়ীর লোকজন এসে প্রবাসী রিপনের বসতঘর ভাংচুর করে। পরে সোনাইমুড়ী থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সোনাইমুড়ী থানার এস.আই ফারুক জানান, নিশু ঘরের আড়ার সাথে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। লাশ উদ্ধার করার সময় পরিবারের কাউকে পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্ত শেষে স্বামীর বাড়ীর লোকজনকে না পেয়ে তার পিতার কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।