৩১ মে থেকে চলবে লঞ্চও, বাড়বে ভাড়া

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই ঈদের পর পুণরায় ছুটি না বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী রোববার ৩১ মে থেকে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস খুলছে।

আগামী রোববার (৩১ মে) থেকে সীমিত পরিসরে সরকারি বিধি মেনে লঞ্চ চলাচল শুরু করবে। তবে ভাড়া বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, শুক্রবার (২৯ মে) বিকালে লঞ্চ মালিকদের সঙ্গে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের বৈঠক হবে। বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘নৌ পরিবহন মন্ত্রণালয় নয়, সরকারের আদেশেই গণপরিবহনের অংশ হিসেবে লঞ্চ চলাচল বন্ধ ছিল। যেহেতু আজকের (২৮ মে) সরকারি আদেশে স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে স্বল্পসংখ্যক যাত্রী নিয়ে সীমিত পরিসরে গণপরিবহন চলার অনুমতি দেওয়া হয়েছে, সেহেতু আগামী ৩১ মে থেকে লঞ্চ চলবে।

তবে ভাড়া বাড়ানোর বিষয়টি নিয়েও ওই বৈঠকে আলোচনা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

মাহবুব উদ্দিন আহমেদ আরও বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে আমরা যাতে লঞ্চ চালাতে পারি, সেক্ষেত্রে সরকার তথা আইনশৃঙ্খলা বাহিনীরও সহযোগিতা লাগবে। কোনোভাবেই আমাদের লঞ্চের স্টাফদের জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না।’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর