চট্টগ্রাম হতে ট্রেন চলাচলের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা। বৃহস্পতাবার (২৮ মে) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ভিআইপি কক্ষে ৩১ মে হতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ট্রেন চলাচলের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, “স্বাস্থ্য অধিদফতরের নির্দেশিত স্বাস্থ্য বিধি ও নিয়ম মেনে ট্রেনের টিকেট বিক্রি ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা হবে। চলমান সংকটের মাঝে নিরাপদে যাতায়াতের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হবে। যাত্রীরা ট্রেনে উঠার সময় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার, মুখে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা নিশ্চিত করা হবে।”
অন্যদিকে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন আহমেদ বলেন, “সামাজিক দূরত্ব বজায় রেখে টিকেট বিক্রির জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্টেশনে কিউ মার্ক বা গোল চিহ্ন দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের লিখিত অনুমতি পেলেই টিকেট বিক্রির সময়সূচি জানা যাবে। তবে ৩১ মে হতে ট্রেন চলাচলের সিদ্ধান্ত জানা গেছে।”
কেএ/বার্তাবাজার